নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের আচার শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুলাই) বেলা ২টায় নবাবগঞ্জের কলাকোপা পোদ্দার বাড়ি রথখোলা থেকে রশি টেনে উৎসব উদযাপন করেন।
এছাড়া উপজেলার বর্ধনপাড়া রসরাজ গোসাই’র আঙ্গিনা, চন্দ্রখোলা, গোবিন্দপুর, খলসি ও বান্দুরায় ভক্ত, পূণ্যার্থীরা রথের দড়ি টেনে রথযাত্রা উদযাপন করেন। অপরদিকে, দোহারের জয়পাড়া জগৎবন্ধুর আঙিনা থেকে রথযাত্রা শুরু হয়।
কলাকোপা পোদ্দার বাড়ি রথযাত্রা উদযাপন কমিটির কর্মকর্তা ও জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি উত্তম কুমার রায় বলেন, এটি সনাতন ধর্মীয় আচার। কলাকোপায় প্রায় পাঁচশত বছর আগে থেকে রথযাত্রা উদযাপন অনুষ্ঠান করা হচ্ছে। অনুষ্ঠান উপভোগ করতে শুধু সনাতন ধর্মাবলম্বী নয় অন্য ধর্মের লোকরাও আসেন।
এদিকে, উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা এলাকায় রথযাত্রায় আগত ভক্ত পূণ্যার্থীদের মাঝে শরবত বিতরণ করে জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটি।
