নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলা আওয়ামীলীগের সন্মেলন চেয়ে দোহারের বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে পোস্টার। উপজেলা আওয়ামীলীগের তৃনমূল নেতাকর্মীদের ব্যানারে এই প্রচারণা চালানো হয়েছে। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও জানা যায়নি। পোস্টারে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী চলতি বছরের ৬ মার্চের মধ্যে সম্মেলন করার নির্দেশ রয়েছে। তাই ১৮ বছরের মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন চাওয়া হয়। দোহার উপজেলা আওয়ামীলীগের তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীবৃন্দের ব্যানারে এই পোস্টার লাগানো হয়। এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদারের কাছে জানতে চাইলে তিনি নববংলাকে বলেন, আমরাও চাই দোহার উপজেলা আওয়ামীলীগের সন্মেলন হোক। আমি পোস্টারিং এর বিষয়ে কিছুই জানিনা। তবে যারা এই পোস্টার লগিয়েছে তারা এতদিন কোথায় ছিলো। অতি উৎসাহিত কিছু লোক এই কাজটি করেছে। সন্মেলনের বিষয়ে কেন্দ্রীয় কোনো চিঠি এখনও আমরা পাইনি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দোহারে সম্মেলন হবে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল নববাংলাকে বলেন, একটি বিশেষ মহল নিজ নিজ স্বার্থ হাসিলের জন্য ও দলে বিশৃঙ্খলা তৈরি করতে এমন পোস্টারিং করছে। আমরাও সন্মেলন চাই। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দোহারে সন্মেলন হবে।
