দোহারে ৬০ টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সারা দেশের ন্যায় সরকারি নির্দেশনা অনুযায়ী ঢাকার দোহারে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ০২ জুন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়। তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৭ জন নির্বাচিত হবে। বিদ্যালয়ের মোট সাতটি দপ্তরে দায়িত্ব পালন করবে নির্বাচিতরা। যার মধ্যে রয়েছে পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতি, পানি সম্পদ, বৃক্ষ রোপণ অভ্যর্থনা ও আপ্যায়ন, ইত্যাদি।

সকাল থেকে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি বিদ্যালয়ে উৎসবের আমেজে ভোটে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। এছাড়া অভিভাবকদের মাঝেও উৎসাহ দেখা যায়। অনেকটা স্থানীয় নির্বাচনের আদলে অনুষ্ঠিত হয় এই নির্বাচন।

১৬ নং ঘাটা ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, ২০১০ সাল থেকে এই নির্বাচন প্রথম শুরু হয়। শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করার জন্য সরকারের এমন উদ্যোগ। উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা পারভিন বলেন, প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দায়িত্ব দিয়ে দেয়া হয়েছে নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত করতে। এছাড়া আমরাও বিদ্যালয়গুলোতে পরিদর্শন করছি। সবার মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। আমরা বিশ্বাস করি এমন উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা ও বিভিন্ন বিষয়ে দায়িত্বশীলতা শিক্ষা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *