দোহারে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় বিদেশ থেকে ফেরা ব্যক্তিরা হোম কোয়ারেন্টাইন মানছেন কিনা এটি নিশ্চত করতে প্রতিনিয়ত মাঠ পর্যায়ে কাজ করছে উপজেলা, থানা ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা। প্রতিদিন দোহারের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে তদারকি করছেন তাঁরা। বিদেশ থেকে ফেরা ব্যক্তিরা হোম কোয়ারেন্টাইন মানছেন না এমন সংবাদে শুক্রবার উপজেলার নারিশা এলাকায় ছুটে যান সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন সহ পুলিশের সদস্যরা। এসময় বিদেশ থেকে আসা ব্যক্তিদের সাথে কথা বলেন এবং তাদের শতর্ক করে দেন।
দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, দোহার উপজেলায় মোট ৭২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো। এদের মধ্যে মোট ২৬ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। এখন আছেন ৪৬ জন। এরা হোম কোয়ারেন্টাইন পালন করছেন কিনা সেটাও আমরা খোঁজ রাখার চেষ্টা করছি।

দোহার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা নির্দেশনা পালন করছেন কিনা তা দেখতে পুলিশ মাঠে কাজ করছে। কেউ নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
দোহার উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, বিদেশ থেকে দোহারে আসা ব্যক্তিরা সঠিক ভাবে হোম কোয়ারেন্টাইন পালন করছেন কিনা এই বিষয়টি তদারকি করতে প্রতিনিয়ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমি কাজ করে যাচ্ছি।করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন ভাবে চলাফেরা নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *