ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মুকসুদপুর ইউনিয়নে মুকসুদপুর আকন বাড়ি ইমদাদুল উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ জন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ঢাকার নবাবগঞ্জ উপজেলার গোবিন্দপুর এলাকার বাদল মিয়ার ছেলে ইমরান হোসেন (৩৬), দোহারের রাধানগরের কালা মিয়া হাওলাদারের ছেলে মো. রানা হাওলাদার শুকুর (৩৫), রুইথা এলাকার মো. রহিম খানের ছেলে মো. মোশারফ হোসেন মোশা (৩৫), চরকুশায়ের মো. কামাল বেপারীর ছেলে আয়নাল হক (২৬) ও কেরাণীগঞ্জ মডেল উপজেলার কালেন্দি এলাকার মো. চাঁন মিয়ার ছেলে নুর হোসেন শাকিল (২৭) ।
এ বিষয়ে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, আসামিদের ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
