জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ঢাকার দোহারের পৌরসভা ভিত্তিক এলাকায় জনসচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পৌরসভার ‘পরিবেশ আন্দোলন’ দোহার সামাজিক সংগঠনের আয়োজনে এ র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
সামাজিক সংগঠনের পক্ষ থেকে দোহার প্রেসক্লাব প্রাঙ্গণে প্রথমে একটি গাছের চারা রোপণের মধ্যে দিয়ে শুরু করে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম, লেবু, আমরা, রয়েল, চালতা ফলজ গাছসহ কয়েক প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন মনির বলেন, আমরা তরুণদের সাথে নিয়ে পরিবেশ রক্ষায় সবুজ দোহার গড়তে এ ধরনের সামাজিক কার্যক্রম হাতে নিয়েছি। পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তাই আমাদের সকলের উচিত যে যার জায়গা থেকে পরিবেশ রক্ষায় গাছ লাগানো। দোহার পৌরসভাকে সবুজায়ন করে গড়ে তুলতে আগামীতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
