কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, জনগণের স্বার্থের জন্য বিএনপি’র সরকার যা যা করা দরকার সরকার তাই করবে। নির্বাচনের পূর্বে তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বর্তমানে তা একে একে বাস্তবায়ন করতে শুরু করেছেন। অবহেলিত নারীদের মাসিক ভাতা দেওয়ার জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করা শুরু করেছেন। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ইতিমধ্যে কৃষক কার্ড দেওয়া হয়েছে। তিনি কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋন মওকুফ করে দিয়েছেন । তিনি আজ সকালে কেরানীগঞ্জে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, খাদ্য উৎপাদন দ্বিগুণ করার জন্য জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচি তিনি নতুন করে শুরু করেছেন।
