দোহারে সরকারি পদ্মা কলেজের প্রভাষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার সরকারি পদ্মা কলেজের রসায়ন বিদ্যা বিষয়ের প্রভাষক মো. আসাদুল্লাহ সোমবার (২০ এপ্রিল) রাত ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজীউন)। তিনি সরকারি পদ্মা কলেজসংলগ্ন শান্তিনগর গ্রামে শেখ মজনুর বাসায় ভাড়া থাকতেন।

জানা যায়, রাতে অস্বস্তিবোধ করায় নিকটবর্তী আব্দুর রাজ্জাক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পদ্মা কলেজে তিনি ২২ বছর শিক্ষকতার দায়িত্বে ছিলেন।

সরকারি পদ্মা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক আলমগীর হোসেন বলেন, আমরা একজন অভিজ্ঞ শিক্ষক হারালাম! দীর্ঘ ২২ বছর সরকারি পদ্মা কলেজ পরিবারের সাথে স্যার ছিলেন সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ। কখনো স্যারকে হাসি মুখ ছাড়া কথা বলতে দেখিনি। স্যার শাসন করতেন এবং অনেক সুন্দর করে পড়া বুঝাতেন।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শান্তিনগর কবরস্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হয়।

জানাযা শেষে উপজেলার মুকসুদপুর ইউনিয়ন চেয়ারম্যান এমএ হান্নান মরহুমের পরিবারের খোজখবর নেন। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ওসি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের পরিবার সকল শুভাকাঙ্ক্ষী এবং শিক্ষার্থীদের কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *