ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দোহার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামছুল আলম বাদল বেপারীর জানাযা নামাজ সম্পন্ন হয়েছে। মরহুম মাহমুদ শামছুল আলম বাদল বেপারী নারিশা ইউনিয়নের মরহুম আলী বেপারীর দ্বিতীয় ছেলে।
গতকাল বুধবার বাদ জোহর উপজেলার নারিশা পশ্চিমচর বেপারী বাড়ির বাইতুল নুর জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।জানাযায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমবেত হন। জানাযার নামাজে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্ঠা ও সরকারি পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি (অব.) মেজর জেনারেল এ আর খান, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মো. মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, ঢাকা জেলা যুবলীগ, বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবিন্দ ও বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দরা উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুম সামছুল আলম বাদল বেপারীকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জানাযায় অংশগ্রহণকারী বাংলাদেশ ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাদেকুজ্জামান মিলন পাল জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার টিকাটুলির বাড়িতে হঠাৎ বুকে ব্যাথা হলে পরিবারের সদস্যরা তাকে কাকরাইল ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
