স্টাফ রিপোর্টার : আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক পদে আফজালুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন। আগামী তিন বছরের জন্য তারা সংগঠনের দায়িত্ব পালন করবেন। শনিবার (১৬ নভেম্বর)
বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।
এছাড়া ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক পদে আনিসুর রহমান নাঈম নির্বাচিত হয়েছেন। ঢাকা দক্ষিণ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক পদে তারেক সাঈদ নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন। এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন।
সভাপতি নির্মল রঞ্জন গুহ স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি এবং আসন্ন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্Ÿায়কের দায়িত্ব পালন করেছেন। ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে পথচলা নির্মল রঞ্জন গুহের। ছাত্রজীবনে তিনি নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
১৯৯২ থেকে ১৯৯৪ ছাত্রলীগের কেন্দ্রীয় ৬৯ সদস্য বিশিষ্ট কমিটির সহ সভাপতি ছিলেন নির্মল রঞ্জন গুহ। ছাত্র রাজনীতি শেষে টানা তৃতীয়বারের মতো ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হন। এরপর থেকে শুরু হয় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে ঘিরে তাঁর বর্ণিল রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়। তিনি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্Ÿায়কেরও দায়িত্ব পালন করেছেন। এরপর ২০০৩ সালে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পরবর্তীতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন তিনি। সবশেষ কমিটিতেও সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের স্বণামধন্য ‘গুহ’ পরিবারের সন্তান। বাবা নিখিল রঞ্জন গুহ ছিলেন একজন স্কুল শিক্ষক।
নির্মল রঞ্জন গুহের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ ছিল দোহার-নবাবগঞ্জের সবচেয়ে সক্রিয় সংগঠন। সাধারণ ও হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি উজ্জল রাখতে সদা সচেষ্ট ছিলেন নির্মল রঞ্জন গুহ। দূর্ভোগ, দূর্যোগ, উৎসব-পার্বন, ঈদ কিংবা পূজা সবক্ষেত্রেই শেখ হাসিনাকে সামনে রেখে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ান নির্মল গুহ। অবশেষে তিনিই নির্বাচিত হলেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি। সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি স্কুলজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি গভঃমেন্ট ল্যাবরেটরি স্কুল ছাত্রলীগের সভাপতি ও ঢাকা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদকও ছিলেন তিনি।
