নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার দোহার বাজার সংলগ্ন এলাকায় দোহার উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি মাহমুদা সুলতানা রুবিনার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, দোহার উপজেলা বিএনপির সভাপতি এসএম নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, দোহার পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মো.মাসুম, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, কেন্দ্রীয় কমিটির বিএনপির মহিলা দলের সদস্য শামিমা রাহিম শিলা, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, এডভোকেট আতিকুর রহমান সোহান, শিকদার আলমগীরসহ বিএনপির অঙ্গসংঠনের নেতৃবৃন্দ।
খন্দকার আবু আশফাক বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। দীর্ঘ ১৬ বছরেরও অধিক সময় জুলুম, অত্যাচার সহ্য করে আমরা এই পর্যন্ত এসেছি । ফ্যাসিস্ট, জালিম সরকারকে হঠাতে গিয়ে আন্দোলনে যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদের জান্নাত দান করুন। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি কর্মীদের উদ্দেশে বলেন, মনে রাখবেন, আমরা যারা বিএনপি করি তারা সবাই ভাই ভাই। কাউকে খাটো করে দেখার সুযোগ নেই। জাতীয় প্রয়োজনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী, আমরা কেউ উত্তাপ ছড়াব না। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘঠে সে জন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানান। আগামীতে দলের সাংগঠনিক কার্যক্রম মজবুত করতে সবাইকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।
