নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জয়পাড়া কলেজ মাঠে দোহার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন এর আয়োজন করে।আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক।
প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার আবু আশফাক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে ভোট চোর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। এই আন্দোলন ঘিরে অনেক শিক্ষার্থী নিহত হয়েছেন। যারা এই আন্দোলনে নিহত হয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
তিনি আরও বলেন, দেশরত্ন বেগম খালেদা জিয়া শত ষড়যন্ত্রের মধ্যেও এই বাংলাদেশেই আছেন। তিনি গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। যার কারণে তিনি ৩ বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার সময় কোন দুর্নীতি হয়নি। এই আওয়ামী লীগ সরকার এসে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়ে ছিল।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সামনেই নির্বাচন। আমাদের সবাইকে জনগণের কাছে যেতে হবে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা জনগণের বাড়িতে বাড়িতে যাবেন। যেনো জনগণ বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করেন।
এ সময়ে দোয়া মাহফিলে প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
দোহার উপজেলা বিএনপি’র সভাপতি মেছের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাবেক ছাত্রনেতা জিএস সেন্টু ভূঁইয়া, বিএনপি নেতা জুলহাস উদ্দিনসহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।
