নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের দেবিনগর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ছাগল পুড়ে মারা গেছে। এ সময় দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭০ বছর বয়সী দলা মিয়া চৌকিদারকে। অগ্নিকাণ্ডে দুটি টিনশেড ঘর পুড়ে গেছে।
কনিবার দিবাগত রাতে দলা মিয়া চৌকিদারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে এলাকাবাসীর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, আগুন লাগার সময় দলা মিয়া পাশের একটি ঘরে আটকা পড়লে পরে গ্রামবাসী টিনের বেড়া কেটে হাত ও মুখের কিছু অংশ দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করেন।
দলামিয়া চৌকিদারের পরিবারের দাবি, গবাদিপশু রাখার ঘরটিতে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। এমনকি সেখানে মশার কয়েলও ব্যবহার করা হতো না। ফলে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, আমরা জানি না তবে এ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দলা মিয়া চৌকিদার ও জলিল চৌকিদার আপন দুই ভাই। জমি ও চলাচলের রাস্তা নিয়ে প্রায় ২০ বছর ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি বলে জানান এলাকাবাসী।
গত শুক্রবার দলা মিয়া চৌকিদারের ছেলে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফেরার পথে চলাচলের সংকীর্ণ রাস্তায় রাখা একটি ইট প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সেটি ভেঙে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁর চাচা চাচি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন । এর পরদিনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে দোহার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের পর দোহার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
