নিজস্ব প্রতিবেদক: মা-বাবাকে হারিয়ে অসহায় হয়ে পড়া পাঁচ কন্যাসন্তানের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রহিম শীলা। এতিম শিশুদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের হাতে শুকনো খাবার ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী উপহার দিয়েছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের রাধানগর গ্রামে প্রয়াত কৃষক দম্পতি আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের বাড়িতে যান শামীমা রহিম শীলা। এ সময় তিনি এতিম পাঁচ কন্যার সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং উপহারসামগ্রী তুলে দেন।
এ সময় শামীমা রহিম শীলা বলেন, আমি দ্বিতীয়বার এখানে এসেছি। এসে শুনতে পেলাম, বাড়ি থেকে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে। এ সময় তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় পাঁচ কন্যার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, দীর্ঘদিনের অভাব-অনটন ও ঋণের বোঝায় বিপর্যস্ত পরিবারটিতে মাত্র ৩১ দিনের ব্যবধানে মৃত্যু হয় কৃষক আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী ফরিদা বেগমের। প্রথমে অসুস্থতাজনিত কারণে মারা যান ফরিদা বেগম। স্ত্রীর মৃত্যুর ঠিক এক মাস পর গত ২৯ সেপ্টেম্বর দুপুরে তালাবদ্ধ বসতঘর থেকে আবুল কালাম আজাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
এই দম্পতি রেখে গেছেন পাঁচ কন্যাসন্তান। তাঁদের মধ্যে একজনের বিয়ে হয়েছে। বাকি চার মেয়ের মধ্যে রয়েছে মাত্র পাঁচ বছর বয়সী এক শিশু। মা-বাবাকে হারিয়ে এবং পরিবারের চরম আর্থিক সংকটের কারণে তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। এমন পরিস্থিতিতে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।
