দোহারে নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার অপরাধে ১৯ জনকে দণ্ড

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরার অপরাধে ১৫ জেলেকে কারাদণ্ড এবং ৪ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার উপজেলার নারিশা, মুকসুদপুর ও মৈনট ঘাট সংলগ্ন পদ্মা নদীতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরার অপরাধে ১৫ জেলেকে দণ্ডবিধি-১৮৬০ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ জনকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় জব্দকৃত আনুমানিক ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত ইলিশ নিকটস্থ এতিমখানায় বিতরণ ও ব্যবহৃত নৌকা বাজেয়াপ্ত করা হয়।
এ ছাড়া অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন সুলতানা মুন্নী এবং কুতুবপুর নৌ-পুলিশ অভিযানকালে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত সময়সীমা অনুযায়ী আগামী ০৩ নভেম্বর পর্যন্ত দোহার উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *