ঢাকার দোহার উপজেলায় বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা ‘নববাংলা’ এর উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার জয়পাড়া থানার মোড় এলাকায় বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নববাংলার কনফারেন্স রুমে এর আয়োজন করা হয়।
উৎসবে আম, কাঁঠাল, আনারস, ড্রাগন, কলা, পেয়ারাসহ দেশি-বিদেশি নানা রসালো মৌসুমী ফলের সমাহার দেখা যায়।
নববাংলা পরিবারের এই আয়োজনকে স্বাগত জানিয়ে দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু বলেন, স্থানীয় পত্রিকা ‘নববাংলা’ বরাবরই এক্সক্লুসিভ আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার মৌসুমী ফল উৎসবের আয়োজন করেছে। এমন সুন্দর ও প্রশংসনীয় আয়োজন করায় আমি নববাংলার সম্পাদক আতাউর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি।
দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নববাংলা পত্রিকার সম্পাদক মো. আতাউর রহমান সানি বলেন, আমার প্রিয় সহকর্মী ও শুভাকাঙ্খীদের জন্য আমি কিছু করতে পারলে আমার ভালো লাগে। সেই চিন্তাধারা থেকেই ফল উৎসবের আয়োজন করেছি। আশা করছি ভবিষ্যতেও আমি এর ধারা অব্যাহত রাখতে পারব।
এসময় উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সহ-সভাপতি অলি আহমেদ, দপ্তর সম্পাদক নাজনীন শিকদার, তথ্য ও গবেষণা সম্পাদক মো. কামাল হোসেন, ক্রীড়া সম্পাদক আল-আমিন হোসেন, সদস্য মাহমুদুল হাসান সুমন, সাংবাদিক নাজমুল হোসেন অন্তর, মাকসুমুল মুকিম, আশরাফ আহমেদসহ নববাংলার অন্যান্য সহকর্মীবৃন্দ।
