ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর যন্ত্রাইল সেতুর নিচ থেকে চার বছর বয়সী শিশু জায়িমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে শিশুটির লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় এক জেলে উদ্ধার করেন। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।
নিহত শিশু জায়িম ফিনল্যান্ড প্রবাসী মো. মাসুদ ও সাহেদা আক্তার দম্পতির ছেলে। মো. মাসুদ ও সাহেদা আক্তার নবাবগঞ্জ উপজেলার সাদাপুর গোয়ালনগর গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত ২২ জুন মা ও বড় বোনের সঙ্গে ফিনল্যান্ড থেকে দেশে আসে শিশু জায়িম। সোমবার (১৪ জুলাই) দুপুরে বাড়ির পাশে খেলতে বেরিয়ে নিখোঁজ হয় শিশুটি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে উদ্বেগ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জিয়ামের পায়ের জুতা খালের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন ধারনা করেন সে খেলতে গিয়ে খালের পানিতে পড়ে গেছে। পরে পানিতে জায়িমকে খুঁজতে দোহার ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দেয় পরিবার। বিকেল সাড়ে চারটার দিকে দোহার ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে রাত পর্যন্ত উদ্ধারের চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেনি। অবশেষে মঙ্গলবার সকালে যন্ত্রাইল সেতুর নিচ থেকে জায়িমের মরদেহ উদ্ধার করা হয়।
