নিজস্ব প্রতিবেদক : গত ২৮ নভেম্বর নববাংলা অনলাইনে ক্যান্সারে আক্রান্ত সারে তিন বছরের শিশু মাহাবুব কে নিয়ে মানবিক সংবাদ প্রকাশের পর তার চিকিৎসার খরচ বহন করতে এগিয়ে আসেন ঢাকার দোহার উপজেলার সুন্দরীপাড়া এলাকার বাসিন্দা গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব দোহার এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. আইয়ুব আলী।
বৃহস্পতিবার সকালে দোহার প্রেসক্লাবের সদস্যদের সাথে নিয়ে অসুস্থ মাহাবুবের বাড়িতে যান তিনি। এসময় মাহাবুবের মায়ের সাথে দীর্ঘক্ষণ কথা বলে চিকিৎসার খোঁজ নেন আইয়ুব আলী। পরে মাহাবুবের মায়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
আইয়ুব আলী জানান, নববাংলা অনলাইনে সংবাদ প্রকাশের পর বিষয়টি তার নজরে আসে। তাই মাহাবুবকে সহায়তা করতে এসেছেন।
তিনি আরও বলেন মাহাবুবের ক্যামো থেরাপি দিতে যত টাকা খরচ হবে সব টাকা তিনি নেজেই বহন করবেন। তিনি বলেন, সমাজের মানুষের পাশে দাঁড়ানোই মানুষের দায়িত্ব। আমি আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
এমন মানবিক কাজে এগিয়ে আসায় আইয়ুব আলীকে ধন্যবাদ জানান দোহার প্রেসক্লাবের সকল সদস্যসহ মাহাবুবদের প্রতিবেশীরাও। স
এসময় উপস্থিত ছিলেন, দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, কার্যকরী পরিষদের সদস্য তারেক রাজিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, সদস্য সুজন হোসেন, জুবায়ের হোসেন, শরিফ হাসান প্রমুখ।
উল্লেখ্য, গত পাঁচমাস আগে দক্ষিণ জয়পাড়া এলাকার বাসিন্দা সারে তিন বছরের শিশু মাহাবুব ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়। টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি তার মা। পরে নববাংলা অনলাইনে সংবাদ প্রচারের পর সংবাদটি বিভিন্ন মহলের নজরে আসে।
