নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় চাঁদা না পেয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদককে পিটিয়ে জখম করেছে বখাটেরা। শনিবার সকালে কুসুমহাটি ইউনিয়নের বাস্তা গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল খায়ের বাস্তা এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের ছেলে ।
আহত স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল খায়ের বলেন, আমি মাটি ভরাটের কন্ট্রাক নিয়ে কাজ করি। বাস্তা গ্রামের ছোরহাবের ছেলে জুয়েল, পান্নু দেওয়ানের ছেলে রাকিব, মো.রউফ এর ছেলে সালাউদ্দিন ও একই গ্রামের আলাউদ্দিন কয়েকদিন ধরে আমার কাছে চাঁদা দাবী করে আসছিলো।
আজ সকালে এক গ্রাহক আমাকে এক লক্ষ ষাট হাজার টাকা বিল দিলে আমি টাকা নিয়ে কাজের সাইটে যাচ্ছিলাম তখনই জুয়েল, রাকিব, সালাউদ্দিন,আলাউদ্দিন মিলে আমার উপর হামলা করে আমার কাছে থাকা এক লক্ষ ষাট হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
অপরদিকে প্রতিপক্ষের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
