সাইফুল ইসলামঃ ঢাকার দোহারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ এক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে দোহার উপজেলা পরিষদ। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ উপজেলার পূর্ব সুতারপাড়া এলাকার আর্শেদ বেপারীর ছেলে মো. ফরহাদ বেপারীকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের আবেদনের প্রেক্ষিতে উপজেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম সাকিব, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রজ্জব আলী মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল হক বেপারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, সাংগঠনিক সম্পাদক মো: আওলাদ হোসেন, সদস্য বাশার মৃধা, দোহার পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ সালাউদ্দিন,বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাহিম কমিশনারসহ আরও অনেকে।
এ সময় উপস্থিত অতিথিদের মধ্যে থেকে পাঁচ জন অতিথি তাদের নিজস্ব তহবিল থেকে ৫ হাজার টাকা করে ফরহাদ বেপারীকে সহায়তা করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, সহ-সভাপতি নুরুল হক বেপারী, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝী এবং পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শেখ মো.সালাহ্উদ্দিন ৫ হাজার করে ২৫ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করেন। এসময় মোট ৩৫ হাজার টাকা নগদ সহায়তা পান পরিবারটি।
উল্লেখ্য এপ্রিল মাসের ১৩ তারিখ গভীর রাতে উপজেলার পূর্ব সুতারপাড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনকাঠের বসতঘরসহ আসবাবপত্র পুড়ে সর্বস্ব হারায় ফরহাদ বেপারীর পরিবার।
আর্থিক সহায়তা পেয়ে ফরহাদ বেপারী কান্না ভেজা চোখে জানান, হঠাৎ অগ্নিকাণ্ডে আমারা সব শেষ হয়ে গেছে। সারাজীবন পরিশ্রম করে একটি ঘর দিয়েছিলাম তা পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই, সব পুড়ে গেছে। তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে খুব কষ্টে যাচ্ছে।
