নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ঢাকার দোহার উপজেলার বিভিন্ন স্থানে ৪ কোটি ৩০ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মুকুসুদপুর, নারিশা ও সুতারপাড়া ও রাইপাড়া ইউনিয়নে স্কুল, মসজিদ ও আরসিসি রাস্তা নির্মাণসহ মোট ৪ কোটি ৩০ লাখ টাকার ৯টি প্রকল্পের উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.মাহবুবুর রহমান।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, গত তিন বছরে ১৮৬৫টি উন্নয়ন প্রকল্পের কাজ হাতে নেয়া হয়েছে। এর মধ্যে ১১৬১ টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। বাকি প্রকল্পগুলো বাস্তবায়ন হলে ঢাকা জেলা পরিষদ একদিন মাইল ফলক হয়ে থাকবে। মো. মাহবুব বলেন, এক সময় ঢাকা জেলা পরিষদে দুর্নীতির আখড়া ছিল। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করতে আমাকে দায়িত্ব দেন। তার দেয়া অর্পিত দায়িত্ব গ্রহণের পর থেকে ঢাকা জেলা পরিষদকে দুর্নীতি থেকে বের করে এনে উন্নয়নের বিপ্লব ঘটিয়েছি।
এসময় ঢাকার জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান শরীফ, মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. নাজমুল হুদা, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.শাহজাহান মোল্লা, আওয়ামীলীগনেতা আলিম আহম্মেদ আমিন. আবুল কালাম আজাদ, হাবিুর রহমান হাবিব, মোস্তফা মোল্লা, কাউসার খালাসী, সাজ্জাদ হোসেন সাজু, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
