জাল টাকাসহ নবাবগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার ১

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাল টাকার নোটসহ নজরুল ইসলাম ওরফে আসিব (৩৪) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম।

প্রেস রিলিজে জানা যায়, নবাবগঞ্জ উপজেলার আগলা বাজারে আলাউদ্দিন সুপার মার্কেটে নূর আলিফ ফ্যাশন নামে কাপড়ের দোকানে গ্রেফতারকৃত আসামি নজরুল ইসলাম ওরফে আসিব একটি ১ হাজার টাকার নোট দিলে ব্যবসায়ী আনোয়ার হোসেন খানের সন্দেহ হলে পাশের দোকানদার ও দোকানে উপস্থিত অন্যান্য ক্রেতাদেরকে  টাকাটি সঠিক আছে কিনা তা দেখতে বলেন। তখন উপস্থিত সবাই নোটটি জাল টাকা হিসেবে সনাক্ত করেন এবং  নবাবগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাল টাকাসহ আসামিকে গ্রেফতার করেন। আসামির বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত নজরুল ইসলাম ওরফে আসিব বরিশাল জেলার মুলাদী থানার উত্তর পাতারচর গ্রামের হানিফ ওরফে হানিফ রারীর ছেলে। গ্রেফতারকৃত নজরুল কেরানীগঞ্জের জিঞ্জিরা শহিদ মিয়ার বাড়ি ভাড়া থাকতেন।

এ বিষয়ে সবাইকে সতর্ক করে এএসপি আশরাফুল আলম বলেন, ঈদ উপলক্ষে কেনাকাটার সময় টাকা যাচাই করে লেনদেন করুন। প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিন। জাল টাকা চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *