চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষ ও গুলির ঘটনায় ৩ মামলা

নিজস্ব প্রতিনিধি : বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় শেরেবাংলা নগর থানায় মঙ্গলবার রাতে তিনটি মামলা হয়েছে। থানার ওসি জানে আলম মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষ দুটি এবং পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

মেট্রোরেল কর্তৃপক্ষের করা মামলায় বলা হয়েছে, তাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।  এতে তাদের ৩০ থেকে ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে।  আর সরকারি কাজে বাধা, মারধরের অভিযোগে পুলিশের পক্ষ অন্য মামলাটি করা হয়েছে।

এর মধ্যে পুলিশের করা মামলায় বিএনপির ঢাকা উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ ১৫৫ জনকে এবং মেট্রোরেল কর্তৃপক্ষের মামলায় অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় এ পর্যন্ত ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে ওসি জানে আলম মুন্সী বলেন, আমরা এরইমধ্যে ৪৭ জনকে গ্রেফতার করেছি।  গ্রেফতার ব্যক্তিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের জন্য চন্দ্রিমা উদ্যানে সামনে জড়ো হন।  সে সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়।

পুলিশের লাঠিপেটা, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেটে ঢাকা মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *