কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে উপজেলার সকল হোটেল, রেস্তোরাঁ ক্যাফে হাউস এবং চাইনিজ হোটেল ও রেস্তোরাঁ মালিকদের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মেহেদী হাসানের সভাপতিত্বে এঅনুষ্ঠানে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরাফাতুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা সেনেটারী ও ফুড সেফটি ইন্সপেক্টর মোঃ শাহিনুর ইসলাম প্রমূখ।
এ সময় হোটেল রেস্তোরাঁ মালিকদের পক্ষ থেকে আরও বক্তব্য দেন আলামিন হোটেল এন্ড রেস্তোরাঁর মালিক মোহাম্মদ শামীম হোসেন, হাজী খাবার হোটেলের মালিক মোঃ আবুল হোসেন ও পেঁপে রনি চাইনিজ রেস্টুরেন্টের মালিক মোঃ ইকবাল হোসেন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান সভায় উপস্থিত রেস্তোরাঁ মালিকদের উদ্দেশ্যে বলেন, কেরানীগঞ্জে যত্রতত্র ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে বিভিন্ন নামে হোটেল, রেস্তোরাঁ,ক্যাফে হাউস এবং চাইনিজ হোটেল ও রেস্তোরাঁ।
এসব প্রতিষ্ঠান চালানোর জন্য লাইসেন্স সহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র প্রত্যেক প্রতিষ্ঠানে অবশ্যই থাকতে হবে। লাইসেন্স ছাড়া কেউ অত্র এলাকায় ব্যবসা করতে পারবেন না।
যাদের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র নেই তারা দ্রুত সময়ের মধ্যে সেগুলো ঠিক করে নেবেন। তিনি হোটেল ও রেস্তোরাঁ মালিকদের আরো কড়া ভাষায় সতর্ক করে বলেন, হোটেল রেস্তোরাঁ ক্যাফে হাউস এবং চাইনিজ রেস্টুরেন্টে যদি স্কুল কলেজ চলাকালীন সময়ে ইউনিফর্ম পরিহিত কোন ছাত্রছাত্রীকে পাওয়া যায় তাহলে ওই হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে হাউস এবং চাইনিজ রেস্টুরেন্টের মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
