দোহারে জেলেদের হামলায় নৌ পুলিশের ৭ সদস্য আহত

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকার দোহারের পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছে কুতুবপুর নৌ পুলিশের সদস্যরা।

রবিবার ভোরে দোহারের পদ্মানদীতে অভিযান চলাকালে নৌ পুলিশের উপরে এ হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনায় কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোমিনুলসহ আহত হয়েছে ৭ পুলিশ সদস্য।

কুতুবপুর নৌ পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে দোহারের পদ্মা নদীতে অভিযান চালায় নৌ-পুলিশ। রবিবার সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে উপজেলার নারিশা জোয়ার এলাকায় মাছ ধরার সময় জেলেদের ধাওয়া করে ঢাকা জেলা নৌ পুলিশের এএসপি মো. হাসানের নেতৃত্বে নৌ পুলিশের একটি দল।

হঠাৎ জেলেদের সংঘবদ্ধ দল নারিশা জোয়ার এলাকার নদীর পাড় থেকে অতর্কিত হামলায় চালায় নৌ পুলিশের ওপরে। পরে পুলিশ তাদের ধরতে এগিয়ে গেলে শ্রীনগরের বাঘড়া পয়েন্টে গিয়ে তাদের উপরে আরও চড়াও হয়ে হামলা করে জেলেরা। এসময় জেলেদের হামলায় দোহারের কুতুবপুর নৌ পুলিশের ইনচার্জ মোমিনুর রহমান সহ সাত পুলিশ সদস্য আহত হয়।

আহতদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কুতুবপুর নৌ পুলিশের ইনচার্জ মোমিনুর রহমানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে। এছাড়া আহত অন্যান্য পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে কুতুবপুর ফাঁড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

হামলার ঘটনার খবর পেয়ে নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস দোহার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ বিষয়ে তিনি খুব দুঃখজনক মন্তব্য করলেও আনুষ্ঠানিকভাবে পরে বিস্তারিত জানাবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *