কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ২ শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছে হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন মোছা:বেগম (৬০),ইদুনি বেগম (৫০),সোনিয়া আক্তার (২৬),মোঃ শাহাদৎ হোসেন (২০),মারিয়া আক্তার (৮)ও মোহাম্মদ ইয়াসিন (১২)। এই ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল ছয়টায় কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের মান্দাইল জেলে পাড়া এলাকায় সুলতানা বেগমের বাড়ির নিচতলায় ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনিয়া আক্তার পেশায় একজন মহিলা কবিরাজ। সে তার পরিবারের ছয় সদস্য নিয়ে সুলতানা বেগমের বাড়ির নিচতলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। সোমবার রাতে গ্যাসের চুলায় রান্না-বান্না করে তারা সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। অসাবধানতাবশত ওই গ্যাসের চুলা থেকে গ্যাস নির্গত হয়ে তাদের শয়নকক্ষে ও রান্না ঘরে গ্যাস ঢুকে পড়ে। সকাল ছয়টায় কবিরাজ সোনিয়া আক্তার তার আসন ঘরে মোমবাতি জ্বালাতে গেলে এ সময় বিকট শব্দে গ্যাসের বিস্ফোরণ ঘটে।
এতে ওই ফ্ল্যাটের ২ শিশুসহ ৬জনই দগ্ধ হয়। তাদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এসে দ্রুত উদ্ধার করে তাদেরকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করেন। এই ঘটনার খবর শুনে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন,র্যাব ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
