ক্যারিয়ারের শেষ দিকে এসে ফের নিজের প্রাক্তন ক্লাব এসি মিলানে ফিরলেন সুইডিশ তারকা ফুটবলার জ্বলাতান ইব্রাহিমোভিচ। নতুন বছরের জানুয়ারি মাস থেকে আগামী ছয় মাসের জন্য মিলানে যোগ দিয়েছেন তিনি। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের ক্লাব এলএ গ্যালাক্সি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ইব্রা। এরপর থেকে ফ্রি এজেন্ট হয়েই ছিলেন ৩৮ বছর বয়সী এ সুইডিশ। তাকে ফ্রিতেই দলে ভিড়িয়েছে মিলান। চুক্তিতে দুই পক্ষের ইচ্ছানুযায়ী আরও ১ বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
২০১০ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে লোনে দুই মৌসুমের জন্য এসি মিলানে যোগ দিয়েছিলেন ইব্রা। সেবার ৮৫ ম্যাচ খেলে ৫৬টি গোল করেছিলেন তিনি। আবার প্রায় সাত বছর পর মিলানের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে যাচ্ছেন ইব্রাহিমোভিচ। তবে এখনই ইব্রার ইতালিতে আসার কথা পাকাপাকি হয়নি। কেননা আগামী ২ জানুয়ারি মিলানে তার স্বাস্থ্যগত পরীক্ষা হবে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকে ইব্রাকে দলের ভেড়ানোর খবর জানাবে এসি মিলান। ফের মিলানে যোগ দেয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করে ইব্রা বলেন, ‘আমি এমন একটা ক্লাবে ফিরছি, যাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি। এছাড়া মিলান শহরটাকেও আমি অনেক ভালোবাসি। দলের ভাগ্য পরিবর্তনে সতীর্থদের সঙ্গে একসঙ্গে লড়বো আমি। ঘুরে দাঁড়ানোর জন্য সম্ভাব্য সবকিছুই করব আমি।’ চলতি সিরি আ’তে বর্তমানে ১১ নম্বরে অবস্থান করছে এসি মিলান। নিজেদের সবশেষে ১৭ লিগ ম্যাচে মাত্র ১৬টি গোল করেছে তারা। গত অক্টোবরে মাত্র ৪ মাসের দায়িত্বের মাথায় হেড কোচ মারকো জিয়ামপাওলোকে বরখাস্ত করে দেয় মিলান। বর্তমানে দলটির দায়িত্বে আছেন স্টেফানো পিওলি।
