স্টাফ রিপোর্টার: দোহারের মুকসুদপুরের কৃতি সন্তান মরহুম শামসুদ্দিন শিকদারের স্মরণে তার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মুকসুদপুরে অবস্থিত মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন শিকদারের স্মৃতিচারণ করে অতিথিবৃন্দ উল্লেখ করেন, তিনি ছিলেন অত্র এলাকার আলোকবর্তিকা। তিনি ১৯৬৬ সালে মুকসুদপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করার পাশাপাশি মসজিদ, মাদরাসা,কবরস্থানসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এসব প্রতিষ্ঠান থেকে বর্তমানে এলাকার মানুষ সেবা পাচ্ছে। অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এম এ হান্নান খান। সভাপতির বক্তব্যে শামসুদ্দিন শিকদারের নাতি এবং শিকদার বংশের অন্যতম ব্যক্তিত্ব মুকসুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান এবং মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয় এর সম্মানিত সভাপতি মহসিন শিকদার চঞ্চল অত্র বিদ্যালয়ের জন্য সকলের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেন। ভবিষ্যতে অত্র বিদ্যালয়টিকে আরো উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য সকলকে এগিয়ে আসতে বলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আতাউর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পদ্মা সরকারি কলেজের প্রভাষক আলমগীর হোসেন এবং মাসুদ রানা, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিক, বিশিষ্ট সমাজসেবক মকসু শিকদার, নজরুল ইসলাম মোল্লা, আব্দুর রাজ্জাক মিলন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
