আরিফুর রহমান: নৌকা মানুষের কল্যাণে কাজ করে আসছে। এই নৌকাই আমাদের স্বাধীনতা দিয়েছিল। নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলেই আজ দেশ উন্নত হচ্ছে বলে মন্তব্য করেন হাজী মহিউদ্দিন আহম্মেদ । তিনি বলেন মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান ও শ্রীনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন আহমেদকে জেতাতে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন তৃনমূল নেতাকর্মীরা। মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে এসব নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন নৌকা প্রতীককে বিজয়ী করতে।
এরই মধ্যে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দিনরাত প্রচার- প্রচারণা চালাচ্ছেন নৌকার বিজয় নিশ্চিত করতে। রবিবার বিকালে শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মহিউদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মহিউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে গেছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে বসবাস করতে পারে। কারণ, আওয়ামী লীগের রাজনৈতিক লক্ষ্যই হচ্ছে দেশের উন্নয়ন করা, জনগণের কল্যাণ করা, শান্তি প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমার লক্ষ্য হবে শ্রীনগর-সিরাজদিখান উপজেলার উন্নয়ন করার পাশাপাশি বেকার যুবসমাজকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে বেকারত্ব দূরীকরণে কাজ করা। উন্নত শ্রীনগর-সিরাজদিখান গড়ার যে স্বপ্ন আছে তা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার মামুন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও শ্যামসিদ্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ও পাটাভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন প্রমুখ।
