ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের কার্যক্রম পরিদর্শন এবং সাধারণ মানুষের খোঁজখবর নিয়েছেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রহিম শিলা। বুধবার (২৫ নভেম্বর) দিনব্যাপী তিনি ওই এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে এই তদারকি কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে শামীমা রহিম শিলা এলাকার সাধারণ মানুষ ও সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন। ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়ন এবং বিতরণ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি হচ্ছে কি না, সে বিষয়ে তিনি স্থানীয়দের কাছ থেকে সরাসরি তথ্য নেন। প্রকৃত অসহায় ও দুস্থ পরিবারগুলো যেন এই সুবিধার আওতায় আসে, সে জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা এবং তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক কাজে স্বচ্ছতা বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।
দিনব্যাপী এই তদারকি কার্যক্রমে স্থানীয় নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।
