নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ইং পালিত হয়েছে। শুক্রবার এ উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় দোহার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে দোহার উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। দোহার উপজেলায় শ্রেষ্ঠ জয়িতা হিসেবে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডী দক্ষিণপাড় গ্রামের শাহরীমা আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সুতারপাড়া ইউনিয়নের দোহার গ্রামের জান্নাতুল ফেরদৌস, সফল জননী ক্যাটাগরিতে নারিশা ইউনিয়নের মালিকান্দা গ্রামের জাহানারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে সুতারপাড়া ইউনিয়নের দোহারপুরী গ্রামের দোলন আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী ক্যাটাগরিতে দোহার পৌরসভার মধ্য লটাখোলা গ্রামের শাকিলা জাহানকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক লায়ন আব্দুস সালাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রফিকা জালাল. বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদ চোকদার,উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সালেহা বেগমসহ দোহার উপজেলার বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীবৃন্দ ও নারী উদ্যোক্তাগণ।
