টঙ্গীবাড়ীতে পুকুর সেচের কারণে রাস্তা ও ফসলি জমিতে ভাঙন, যাতায়াতে ভোগান্তি

টঙ্গিবাড়ী থেকে ফিরোজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের দক্ষিণ নয়না শেখ বাড়ি এলাকায় একটি পুকুর সেচ দেওয়ার কারণে চলাচলের রাস্তা ও ফসলি জমিতে ভাঙন দেখা দিয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি পুকুরের পশ্চিম পাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বেগে রয়েছেন কৃষকরাও।
মঙ্গলবার (২ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরের পাশের রাস্তাটির একটি অংশ ভেঙে সরু হয়ে গেছে। ফলে পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া পুকুরের পশ্চিম পাশের একটি পাটক্ষেতের কিছু অংশ ভেঙে পুকুরে বিলীন হয়ে যাচ্ছে।
স্থানীয় এলাকাবাসী জানান, গ্রামের প্রায় ৫০০ থেকে ৭০০ মানুষ প্রতিদিন এই রাস্তাটি ব্যবহার করেন। তারা অভিযোগ করেন, নজু শেখদের কাছ থেকে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করছেন মোতালেব খান। লিজ নেওয়ার সময় তাকে পুকুরের পানি সেচ দিয়ে নিষ্কাশন না করার কথা বলা হয়েছিল। পরিবর্তে জাল ফেলে মাছ ধরার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিনি সেই শর্ত না মেনে সেচ মেশিনের মাধ্যমে পুকুরের পানি বের করে দেন।
এলাকাবাসীর দাবি, পানি দ্রুত নিষ্কাশনের ফলে পুকুরের পানির স্তর কমে যায় এবং চারপাশের মাটি দুর্বল হয়ে ভাঙন শুরু হয়। এরই ধারাবাহিকতায় পাশের রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয় এবং কৃষিজমিও ভেঙে পড়তে থাকে।
স্থানীয়রা আরও জানান, বিষয়টি নিয়ে মোতালেব খানকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত রাস্তা সংস্কার ও ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *