আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার দোহারে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) সদস্যদের নিয়ে এক ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি ) উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ ব্রিফিংয়ে দোহার উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সেকশন কমান্ডার, সহকারী সেকশন কমান্ডার এবং প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম, দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
ব্রিফিংয়ে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের নিয়মাবলি, প্রিজাইডিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কেও সদস্যদের দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় দোহারে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।
