প্রায় সারাদেশেই শনিবার (১১ জানুয়ারি) থেকে রোদের দেখা নেই। রয়েছে বাতাস, সঙ্গে তীব্র শীত। রোববারও (১২ জানুয়ারি) একই অবস্থা বিরাজ করছে। আবহাওয়াবিদরা বলছেন, আরও দুই-তিন দিন একই অবস্থা থাকতে পারে। এরপর থেকে হয়তো আবহাওয়ার অবস্থা কিছুটা উন্নতি বা তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ‘মেঘলা আকাশ আজকেও থাকবে। সোমবার (১৩ জানুয়ারি) থেকে হয়তো কমে আসতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শীতের তীব্রতা দুই-তিন দিন একই রকম থাকবে। এখন যে বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে, তা ১৪ জানুয়ারি পর্যন্ত থাকতে পারে। ১৫ জানুয়ারি থেকে হয়তো তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।’
তিনি আরও বলেন , ‘আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একটা স্টেশনে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে শৈত্যপ্রবাহ বলি না। এজন্য আজকে শৈত্যপ্রবাহ বইছে বলছি না।’
অন্যদিকে পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তার পরবর্তী দুই দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তার পরবর্তী পাঁচ দিনে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আর সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পরে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
