দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার মধুরচরের কুলছড়ি গ্রামের বাসিন্দা আমির আলী বেপারীর ছেলে ফারুক হোসেন দীর্ঘ সাত মাস ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন মিশুক চালিয়ে পরিবারের ভরন পোষণ করতেন। কিন্তু সাত মাস আগে লিভার ক্যান্সার ধরা পড়ার পর থেকে তিনি নিয়মিত কাজ করতে পারছেন না। ফলে চিকিৎসার ব্যয় বহন ও সংসার চালানো তার পরিবারের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
ফারুক হোসেনের এমন অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে যান ঢাকা জেলা মহিলাদলের সভাপতি শামীমা রহিম শিলা। তিনি অসুস্থ ফারুক হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন।
শামীমা রহিম শিলা বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে ফারুক হোসেনের মতো অসহায় রোগীরা উন্নত চিকিৎসার সুযোগ পাবেন। তিনি সবার প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুদান প্রদানকালে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদকসহ অন্যান্য মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ফারুক হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
স্থানীয়রা জানান, ফারুক হোসেন একজন পরিশ্রমী মানুষ। মিশুক চালিয়েই তিনি দীর্ঘদিন পরিবারের জীবিকা নির্বাহ করেছেন। বর্তমানে ব্যয়বহুল চিকিৎসার কারণে তার পরিবার চরম আর্থিক সংকটে রয়েছে। তাই তার চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।
