মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ

 মোহাম্মদ আককাস আলী: নওগাঁর মান্দা উপজেলায় আয়েশা নামের ৪৫ দিনের এক শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ শিশু আয়েশা বান্দাইপুর গ্রামের আরিফুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে শিশুটিকে দোলনায় শুইয়ে রেখে তার মা মনোয়ারা বিবি পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পর শিশুর কান্নার শব্দ শুনে তিনি বাড়িতে ফিরে এসে শিশুটির অস্বাভাবিক অবস্থা দেখতে পান। পরে কোলে নেওয়ার পর শিশুর মুখ থেকে বিষের গন্ধ ও ফেনা বের হতে দেখেন। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন।
এ অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।
এ বিষয়ে মান্দা থানার ওসি খোরশেদ আলম বলেন, ‘ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *