ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্লা হত্যা মামলার অন্যতম আসামি সোনাপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজু মুন্সিকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।  রোববার (২৪ মে) দিবাগত রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার (২৫ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত রাজু মুন্সি উপজেলার সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামের মৃত আব্দুস সালাম মুন্সির ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,
“লিচু বাগান মালিক আজিজুল হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি রাজু মুন্সি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার রাতে তাকে গ্রেফতার করা হয় এবং সোমবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

এদিকে, সরকারি কর্মচারীর হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধে জড়ানো এবং গ্রেফতারের বিষয়ে সালথা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, “হত্যা মামলায় রাজু মুন্সি নামের এক পরিদর্শকের গ্রেফতারের বিষয়টি আমরা অবগত হয়েছি। ঈদের ছুটির পর দ্রুতই থানার সাথে যোগাযোগ করে মামলার প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হবে। এরপর বিধি মোতাবেক জেলা উপ-পরিচালককে (ডিডি) চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।”

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা আজিজুল মোল্লার একটি লিচু বাগান রয়েছে। ওই বাগান পাহারা দেওয়ার জন্য তৈরি করা টংঘরে বসে নিয়মিত মাদক সেবন করতেন পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সির ছেলে শাকিল মুন্সি ও তার সহযোগীরা। মাদক সেবনের পাশাপাশি তারা প্রায়ই বাগান থেকে লিচু চুরি করতেন।

গত ১৩ মে বিকেলে বাগান মালিক আজিজুলের ছেলে আকরাম মোল্লা তাদের মাদক সেবন ও লিচু চুরিতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে শাকিল ও তার সহযোগীরা আকরামকে বেধড়ক মারধর করে। এরই জেরে পরবর্তীতে বাগান মালিক আজিজুল মোল্লার ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত আজিজুলের ভাই ফজলুল হক মোল্লা বাদী হয়ে গত ১৫ মে সালথা থানায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, এই মামলার অন্যতম অভিযুক্ত হিসেবেই পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজু মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *