নবাবগঞ্জে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক:  জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম পবিত্র মাহে রমজান উপলক্ষে জনসাধারণের জন্য ন্যায্যমূল্যে পণ্যদ্রব্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।   আজ বুধবার সকাল ১১টায় নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজারে ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়। জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন।

নজরুল ইসলাম বলেন, দোহার-নবাবগঞ্জ উপজেলায় কয়েকটি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হবে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে উঠেছে। রমজান মাস উপলক্ষে এই ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্র মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে।

তিনি আরও বলেন, মেহনতি ও খেটে খাওয়া দরিদ্র মানুষ অনেকেই আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন না। এই ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্রের মাধ্যমে তারা সহজেই নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। তিনি আশ্বাস দেন যে, এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জানা গেছে, ন্যায্যমূল্যে ৪টি পণ্য মাত্র ৫৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। এই প্যাকেজে রয়েছে ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি মশুর ডাল এবং ৩ কেজি আলু। এই পণ্যের বাজার মূল্য প্রায় ৭৪০ টাকা হলেও ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্রে ১৫০ টাকা কমে মাত্র ৫৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। দোহার ও নবাবগঞ্জ উপজেলায় একাধিক বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্যদ্রব্য বিক্রি চলছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল কাদের, নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী পূর্বাঞ্চল আমির মাওলানা অ্যাডভোকেট ইব্রাহীম খলিল, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী, পশ্চিমাঞ্চল সেক্রেটারি মোস্তাক আহমেদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মামুনুর রশীদ, লন্ডন প্রবাসী মো. শহীদুল ইসলাম, এবং জামায়াতে ইসলামী’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *