নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে একটি বাড়িতে নকল সস তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। উপজেলার কলাকোপা ইউনিয়নের বাগহাটি এলাকায় মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে স্থানীয় বজলুর রহমানের বাড়িতে কারখানাটির সন্ধান পায় প্রশাসন।
এ সময় মো. নেসার উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. হালিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
স্থানীয়রা জানান, নকল সস কারখানার মালিক মো. আবু ইউসুফ ও তার বড়ভাই নেসার উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানি ও ব্রান্ডের মোড়ক, লেবেল নকল করে অস্বাস্থ্যকর পরিবেশে টমেটোর সস, বিভিন্ন ধরনের ফ্রুট অ্যান্ড ভেজিটেবল সস ও জুস তৈরি এবং পোলাওয়ের চাল বাজারজাত করে আসছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম বলেন, এসব সস মানুষের দেহে নানান জটিল রোগের জন্ম দেয়। এর ফলে মৃত্যুও হতে পারে।
