নবাবগঞ্জে জামায়েতের আমিরসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে জামায়েত ইসলামীর এক নায়েবে আমিরসহ ছয় ছাত্র শিবিরের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। উপজেলার কাশিমপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (২৮ জুলাই) দুপুরে নবাবগঞ্জ থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আমীনুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন, শরিয়তপুর জেলার নড়িয়া থানার চর ভোজেশ্বর এলাকার মৃত হাসান আলী মাতবরের ছেলে নবাবগঞ্জ থানা (পশ্চিম) এর নায়েবে আমির হারুন অর রশিদ (৪৯), নবাবগঞ্জ থানার ছাত্র শিবিরের সভাপতি কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের ধর্ম শিক্ষক আল আমিন তালুকদারের ছেলে সালাউদ্দিন আমান, থানা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক  ও পাতিলঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের ছেলে শাহরিয়ার মুরসালিন অনিক, কলাকোপা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে তামিম ইউসুফ, সাথী সদস্য জাকির হোসেন, তৌফিকুল তাহসিন মাহি ওরফে আবু হুরায়রা।
ঢাকা জেলার অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আমীনুল ইসলাম জানান, নবাবগঞ্জ উপজেলার কাশিমপুর এলাকায় শামসুল ইসলাম খানের ভাড়া বাড়িতে গত ৭ বছর ধরে ছাত্র শিবির তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করে আসছে। সেখানে তারা গোপন বৈঠকের মাধ্যমে নবাবগঞ্জ থানার বিভিন্ন এলাকায় সরকারি স্থাপনায় অন্তর্ঘাত মূলক কাজ করার গোপন বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে দোহার সার্কেলের সিনিয়র পুলিশ সুপার আশরাফুল আলমের তত্ত্বাবধায়নে, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জালালের নেতৃত্বে একটি অপারেশন টিম অভিযান চালিয়ে জামায়েত নেতাসহ ৫ শিবির নেতাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
পুলিশ জানায়, আমরা যাদের গ্রেফতার করেছি তাদের মধ্যে উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ও সেক্রেটারি তারা দুই জনই স্কুল শিক্ষকের ছেলে। তারা কিভাবে এমন সংগঠনের সাথে যুক্ত হয়েছে আমরা তদন্ত চালাচ্ছি। সেই সাথে তাদের পরিবারের কেউ এই সংঘঠনের সাথে রয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এছাড়া বাড়ি মালিকের সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
এসময় জব্দকৃত আলামতের বর্ণনা দিয়ে আমিনুল ইসলাম বলেন, আমরা তাদের কাছ থেকে ৭টি কাচের তৈরি পেট্রোল বোমা, বিভিন্ন সাইজের লোহার শাবল, ২৫টি বাশের তৈরি লাঠি, দুটি প্লাস্টিকের বস্তা ভর্তি ইটের টুকরা, দুটি পুরাতন ল্যাপটপ, চাদা আদায়ের ১৫টি বই, ২টি রেজিস্টারের খাতা, একটি নীল রঙের মোটর সাইকেল, নগদ ২১ হাজার ৫ শত টাকা, বিভিন্ন লেখককের ১৪৬টি বই, ব্যক্তিগত রিপোর্ট বই উদ্ধার করা হয়েছে।
প্রেস ব্রিফিং শেষে সংবাদ কর্মীদের সাথে নিয়ে শিবির আস্তানা পরিদর্শন করে পুলিশ। এসময় ঘরের ভিতরের শত শত বই, বক্তব্য দেওয়ার ডাইস, বিশ্রামের জন্য দুটি বেডসহ নানা প্রয়োজনীয় সামগ্রী দেখতে পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *