নবাবগঞ্জে জন প্রতিনিধিনের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জন প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও মুক্তিযোদ্ধা প্রতিনিধির সঙ্গে নবাবগঞ্জ থানায় সদ্য যোগদান অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ ও থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ থানা প্রশাসনের আয়োজনে থানার সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দলে কোন অপরাধীর জায়গা নেই। আমাদের ঢাকা-১ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নির্দেশ রয়েছে দলের ভিতর কোন অপরাধীকে আশ্রয় প্রশ্রয় দেয়া যাবে না। দেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ধর্ষণ করলেই যে ছাত্রলীগ করেছে এটা ঠিক না। ঢালাও ভাবে কাউকে কিছু বলা যাবে না। কিছু নামধারী ছাত্রলীগ আছে যারা ধর্ষণসহ নানা অপকর্ম করছে তাদেরকে ছাড় দেয়া হবে না। শাস্তি তাকে পেতেই হবে।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন পুলিশের উদ্দেশ্যে বলেন, এ উপজেলায় বর্তমানে মাদকের অভয়ারণ্য। হাত বাড়ালেই মাদক মিলছে। আজকাল মটরসাইকেলে করে মাদক সেবীদের বাড়ি বাড়ি গিয়ে মাদক হোম ডেলিভারী দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, বখাটেরা মটর সাইকেলে করে বখাটেপনা করছে। উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনীর প্রতি আহবান জানান তিনি।
দোহার সার্কেল এএসপি জহিরুল ইসলাম জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আপনারা নারী নির্যাতনের বিচার গুলোকে গুরুত্বের সাথে দেখবেন এবং পুলিশকে জানাবেন। আমরা আপনাদের সঙ্গে প্রতিটি ইউনিয়নে সভা করে এসব অপরাধ নির্মূল করবো। সমাজে মাদক থেকে শুরু করে যে কোন ধরণের অপরাধ উৎখাত করা হবে কাউকে ছাড় দেয়া হবে না।
সদ্য যোগদানকারী নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, আমি যোগদানের আগেই সালমান এফ রহমান স্যারকে কথা দিয়েছি যে কোন মূল্যে নবাবগঞ্জ থানাকে মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স রাখতে। মাঠে ঘাটে বখাটেপনার বিরুদ্ধে পুলিশ সব সময় কাজ করবে। অনটেষ্ট সাইন বোর্ড ব্যবহার করে কোনো মটর সাইকেল চলতে দেয়া হবে না। ওসি আরো বলেন, ভুল মানুষই করে। যে আমাদের ভুলগুলি ধরিয়ে দিবে সেই তো পুলিশের প্রকৃত বন্ধু। আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে দেশটাকে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি।
নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো. নাজমুল আলমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশিকুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, ইয়াসমিন আক্তার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ মো. আবুবকর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল, আলীমুর রহমান খান পিয়ারা, আবেদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, নন্দ লাল সিং, দেওয়ান তুহিনুর রহমান, মাসুদুর রহমান, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *