দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জে গ্রাম বাংলার শতাব্দীর প্রাচীন ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার সিংজুর গ্রামবাসী ও এলাকাবাসীর উদ্যোগে কালীগঙ্গা নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতায় সোনার বাংলা, জয় আলী মোল্লা বাড়ি, কালাম সিকদার, বলধরার প্রবাসী, মামা ভাগিনা ও তুফান-২ অংশ নেয়। লটারীর মাধ্যমে নৌকার রেস শুরু হয়। তবে প্রতিযোগিতা শেষ হতে সন্ধ্যা হওয়ার কারণে চ্যাম্পিন নৌকা নির্ধারণ করা যায়নি।
সিংগাইর থেকে নৌকা বাইচ দেখতে আসা মুনিফ মিয়া বলেন, গ্রাম বাংলার যে কোন ঐতিহ্য আমাদের অহংকার। এই ঐতিহ্য টিকিয়ে রাখা আমার-আপনার সকলের দায়িত্ব। বর্তমান রাজনীতির প্রেক্ষাপট বড়ই কঠিন। তাই এই রাজনীতির রোষানলে পরে যাতে হাজার বছরের এই ঐতিহ্য হারিয়ে না যায় সেদিকে আমাদের সকলকে লক্ষ রাখতে হবে।
বাবার সাথে নৌকা বাইচ দেখতে আসা ৬ বছরের ছোট্ট শিশু সিনহা মনি বলেন, আমার খুব ভাল লাগতেছে। আমি বাবার সাথে নৌকা বাইচ দেখতে আসছি। অনেক গুলা নৌকা হয়েছে। আমি বাসায় গিয়ে সবাইকে বলবো।
নৌকা বাইচকে ঘিরে দূর দূরান্ত থেকে প্রায় কয়েক হাজার লোক এ নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসেন। এছাড়া স্থানীয়দের মধ্যে অনেকেই কোষা নৌকা, ইঞ্জিন চালিত নৌকা করে পরিবার পরিজন নিয়ে এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসেন।
