নবাবগঞ্জে ইছামতী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

মো. নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে উপজেলার ধাপারী বাজার ও  গোবিন্দপুর এলাকাবাসীর উদ্যোগে ইছামতী নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজক বৃন্দ ঢাকা জেলা নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির সভাপতি মাসুদ মোল্লা, ঝিপু খান, মো. হানিফ বলেন, গ্রাম বাংলার যেকোনো ঐতিহ্য আমাদের অহংকার। এই ঐতিহ্য টিকিয়ে রাখা আমার-আপনার সকলের দায়িত্ব। বর্তমান রাজনীতির প্রেক্ষাপট বড়ই কঠিন। তাই এই রাজনীতির রোষানলে যাতে হাজার বছরের ঐতিহ্য হারিয়ে না যায় সেদিকে আমাদের সকলকে লক্ষ রাখতে হবে। সেই সাথে যারা নৌকা বাইচ প্রতিযোগীতায় অংশ নেন, দয়াকরে তারা সব সময় জয় পরাজয় মাথায় রেখে অংশ নিবেন। প্রতিযোগীতা যাতে কোনো দূর্ঘটনার কারণ হয়ে আপনার সারা জীবনের কান্না না হয়।

দূর দূরান্ত থেকে প্রায় কয়েক হাজার লোক এ নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসেন। স্থানীয়দের মধ্যে লক্ষ করা গিয়েছে কোষা নৌকা করে পরিবার পরিজন নিয়ে অনেকেই এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে এসেছেন।

নবাবগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ উপলক্ষে নদীর দুই পাড় ঘিরে মেলা বসে। মেলায় হরেক রকমের জিনিস উঠে। বিশেষ করে নিমটি, চানাচুর, চটপটি, ফুসকার দোকান ইত্যাদি। এছাড়াও বাচ্চাদের খেলনা ও কসমেটিকসের দোকানেও ছিলো বেচা কেনার ধুম।

নৌকা বাইচ দেখতে আসা অমলেস সরকার বলেন, নৌকা বাইচ আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে। কোনো মহল যাতে এই ঐতিহ্যকে ধ্বংস করে দিতে না পারে সবাইকে সজাগ থাকতে হবে।

নৌকা বাইচ প্রতিযোগিতায় ৫ টি নৌকা অংশ গ্রহণ করে। আয়োজকদের পক্ষ হতে অংশ গ্রহণকারী সকল নৌকাকেই পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *