নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের সাতভিটা এলাকায় সরকারি খাল দখল করে নির্মিত স্থাপনা সরাতে নির্দেশ দিয়েছেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। শনিবার (১৪ নভেম্বর) সাপ্তাহিক নববাংলা অনলাইনে দখলের সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে আজ রবিবার বিকেলে ঘটনাস্থল পরির্দশন করে খাল দখলের বিষয়টি নিশ্চিত হয়ে এ নির্দশনা দেয়া হয়।
জানা যায়, উপজেলার সাতভিটা এলাকায় বেশ কিছুদিন ধরে সরকারি খাল দখল করে স্থাপনার নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় আব্দুল ফকিরের ছেলে আবুল কালাম। স্থানীয়রা বাঁধা দিলেও স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রাখেন তিনি। খাল অবমুক্ত করতে দ্রুত প্রশাসনে এমন নির্দেশনায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান স্থানীয়রা।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র নববাংলাকে বলেন, সরকারি খাল দখলের বিষয়টি নজরে আসার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দখলের সত্যতা পাই। আগামীকাল সকাল ১১ টার মধ্যে স্থাপনা সরিয়ে ফেলতে দখলকারীদের নির্দেশনা দেয়া হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, সরকারি খাল দখলকারীদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না। খাল অবমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।
