নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় মোটর সাইকেলের ধাক্কায় মুসলেম শেখ (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মুসলেম শেখ উপজেলার বিলাসপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ফজলু শেখের ছেলে। এ ঘটনায় ইব্রাহিম নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মুসলেম শেখ বাড়ি থেকে বের হয়ে স্থানীয় একটি কারখানার কাজে যাচ্ছিলেন। এমন সময় বটিয়া এলাকায় দ্রুত গতির একটি মোটরসাইকেল মুসলেম শেখকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, নিহতের পরিবার এখনো থানায় কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
