নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার বন্যাদূর্গত এলাকায় খাদ্য ও ঔষধ সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিলাসপুর ও মাহমুদপুর ইউনিয়নের চার শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এ সহায়তা সামগ্রী প্রদান করা হয়।
সহায়তা হিসেবে প্রতি পরিবারকে চাল, ডাল, তেল, চিড়া, মুড়ি, গুড়, লবন, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এসময় দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর তহবিল থেকে শিশুখাদ্য প্রদান করেন দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা।
উপস্থিত ছিলেন নৌবাহিনীর লে. কমান্ডার এম সোলায়মান কবির, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল সাঈদ, বিলাসপুর ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, মাহমুদপুর ইউনিয়ন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সি প্রমুখ।
