‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’-এই শ্লোগানে মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে ঢাকার দোহারের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সুফলভোগী খামারীদের মাঝে বিনামূল্যে হাঁস বিতরণ করা হয়েছে।
বৃস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে সুফল ভোগীদের মাঝে উন্নত জাতের হাঁস বিতরণ করা হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসুমের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ডা. বেগম সামছুন নাহার আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন রহিমা বেগম পিএসও , প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান,মহাখালী, বাসনা আখতার, জেলা প্রাণিসম্পদ অফিসার, ঢাকা, উপ-প্রকল্প পরিচালক ডা. দিপক সরকার।
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ডা. বেগম সামছুন নাহার আহম্মদ বলেন, নদীবিধৌত চরাঞ্চলে বসবাসকারী মানুষদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে দোহার উপজেলায় ১০০টি পরিবারের মাঝে ২১ টি করে হাঁস বিতরণ করা হয়েছে। এ প্রকল্প তাদের জীবনমান ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে। গরু, ছাগল, হাঁস-মুরগি পালনের উপর প্রশিক্ষণও এসব সুফলভোগীদের দেয়া হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেনে জানান, স্মার্ট বাংলাদেশের প্রতিটি নাগরিককে সব দিক থেকে স্মার্ট করতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে অর্থনৈতিক মুক্তি প্রতিষ্ঠার লক্ষে সরকার এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
পরে ১৬ জন সফল ঘাস চাষীদের মাঝে নগদ ৫ হাজার কর মোট ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।
