নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা, জবাবদিহিতা ও মূল্যবোধের চর্চা গড়ে তুলতে ঢাকার দোহার উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে উদায়ন প্রিপ্যারেটরী এন্ড হাই স্কুল ও এমদাদ আলী উচ্চ বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ‘সততা স্টোর’-এর উদ্বোধন করা হয়।
দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আজিজুল হক, উপ-সহকারী পরিচালক অমিজিৎ দে, বিলকিস বানু, দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়ির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন, সহ-সভাপতি ডা. মহিউল মিল্লাত, সদস্য মো. ছোহরাব উদ্দিন, মো. রহমতউল্লাহ, নিগার সুলতানা লিজা,উদয়ন প্রি প্যারেটরী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মাকসুদুর রহমান, ম্যানেজিং কমিটির সহ সভাপতি গোলাম কিবরিয়া ভূইয়া, পদ্মা সরকারি কলেজের গভর্নিং বডির সদস্য আব্দুর রাজ্জাক মিলন, এমদাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, জাকির হোসেন মাঝিসহ শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সততা স্টোর’ এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ, যেখানে কোনো বিক্রেতা থাকবে না। শিক্ষার্থীরা নিজের প্রয়োজনীয় পণ্য নিজেই সংগ্রহ করবে এর মাধ্যমে তাদের মধ্যে সততা, দায়িত্ববোধ এবং নৈতিকতার চর্চা গড়ে উঠবে।
বক্তারা আরও বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের ভিত্তি তৈরি হয় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। তাই শৈশব থেকেই শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর। ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ‘সততা স্টোর’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
