নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর শিকদার বাড়ী কবরস্থান থেকে লাশ চুরির অভিযোগ পাওয়া গেছে। গত ৪ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) দিবাগত রাতে উপজেলার মুকসুদপুর বাজার সংলগ্ন শিকদার বাড়ী কবরস্থান থেকে ১ টি লাশ নিখোঁজ হয়। লাশটি প্রায় ২২/২৩ দিন আগে দাফন করা হয় বলে জানান স্থানীয়রা। পরে শুক্রবার সকালে লাশ চুরির ঘটনা এলাকাবাসীর নজরে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা মো.পলাশ নববাংলাকে জানান, বেশ কয়েকদিন আগে কবর জিয়ারতের জন্য ঐ কবরস্থানে গেলে একটি কবর মাঝখানে এলোমেলো দেখে তাদের স্বজনদের খবর দেন তিনি। এসময় প্রাথমিক ভাবে মাটি খুড়ে লাশ না দেখে পরে শুক্রবার স্থানীয়দের নিয়ে কবরটির মাটি উত্তোলন করে লাশ চুরির সত্যতা মিলে।
পলাশ আরো জানান, দাফনের সময় কবরটি সে যেভাবে খুড়েছিলেন ঠিক সেভাবেই আছে। কিন্তু ভেতরে লাশ বা কাফনের কাপরের কোন প্রকার চিহ্ন পাওয়া যায়নি।
এদিকে গত এক সপ্তাহে কুরিগ্রামের ফুলবাড়ি ও ঢাকার কেরানীগঞ্জ সহ দেশের বিভিন্নস্থানে লাশ চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় যুবক ইমরান হোসেন জানান, কবরস্থান থেকে এভাবে লাশ চুরির বিষয়টি এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে। আমরা আমাদের আত্মীয় স্বজনদের কবর নিয়ে দুঃশ্চিতায় আছি।
দোহারের শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। লাশ চুরি হয়ে থাকলে এটি খুবই দুঃখজনক ঘটনা। এক্ষুনি আমি বিষয়টি দেখছি। কবরস্থান কমিটি ও এলাকাবাসীর সহায়তায় লাশ চুরি রোধে যা যা করণীয় সবই করবো ইনশাআল্লাহ।
