দোহারে ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে ঢাকা জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা জেলা প্রশাসক। শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে দোহার উপজেলা পরিষদে ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য নারী ও পুরুষ প্রার্থীদের নিয়ে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা করেছেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। দোহার উপজেলা প্রশাসন ও দোহার উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ মতবিনিময় সভা করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, আপনারা যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাঁরা কেউ আচরণবিধি লঙ্ঘণ করবেন না। আইন লঙ্ঘন করলে শাস্তি পাবেন এমনকি আপনার মনোনয়নটিও বাতিল হয়ে যেতে পারে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে নির্বাচন করার আহ্বান জানান তিনি।

এসময় প্রার্থীরা জেলা প্রশাসকের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে প্রার্থীদের আশ্বস্থ করেন।

দোহার উপজেলায় নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার, ঢাকা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান, দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল, দোহার উপজেলায় নির্বাচনী কর্মকতা রেজাউল করিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *